বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, গবেষক ও লেখক কাজী ইমদাদুল হক। রোববার (৩ মে) তিনি বিএসটিআইতে মহাপরিচালক হিসেবে যোগদান করেন।
দীর্ঘ তিন দশকের প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ কাজী ইমদাদুল হক দেশের রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এবং এনবিআরের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি কর প্রশাসনের আধুনিকায়ন ও কাঠামোগত উন্নয়নে অবদান রাখেন।
কর্মজীবনে তিনি কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিশেষ করে লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিটে (এলটিইউ) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে অভ্যন্তরীণ রাজস্ব আহরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। আন্তর্জাতিক করনীতি এবং দ্বৈত কর পরিহার চুক্তি (ডিটিএএ) বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেও তিনি সুনাম অর্জন করেন।
এছাড়া, ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এমএসসি ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ছাত্রজীবনে সাহিত্য ও বিতর্কে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে আলাদা করে তুলে ধরেন। তার রচিত ‘কালো টাকা’ (Black Money) গ্রন্থটি গবেষণাধর্মী কাজ হিসেবে বিশেষভাবে আলোচিত।
প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি কাজী ইমদাদুল হক নিয়মিত সাহিত্যচর্চা ও গণমাধ্যমে আয়কর বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে কর সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখে আসছেন। অভিজ্ঞতা, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে বিএসটিআই’র কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

